বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে পুলিশ ও বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধে গুরুতর অসুস্থ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছেতাকে। বিজেপির ‘নবান্ন চলো’ অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড কলকাতা–হাওড়া জুড়ে। এদিন সাঁতরাগাছি থেকে মিছিল শুরু করে সাঁতরাগাছি ব্রিজের কিছুটা দূরে পুলিশের বাধার মুখে পড়ে রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুদের মিছিল।
বিজেপির অভিযোগ, জলকামানে রাসায়নিক ও রঙ মিশ্রিত জল ছুঁড়েছে পুলিশ। আর তাতেই অসুস্থ হয়ে পড়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি নেতা তাপস ঘোষ। আহত হয়েছেন অরবিন্দ মেনন, সায়ন্তন বসু ও জ্যোতির্ময় মাহাতো।
এদিন দিলীপ ঘোষের নেতৃত্বে একটি মিছিল হাওড়া ব্রিজে উঠতেই বাধা দেয় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। দিলীপ ঘোষের অভিযোগ, তাঁর উপরও লাঠিচার্জ করা হয়। বিজেপির নবান্ন অভিযান ঘিরে সকাল থেকেই উত্তেজনার পারদ চড়েছে রাজ্যে। হাওড়া ময়দান এলাকায় অভিযানে বাধা পেয়ে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির পাশাপাশি বোমা ছুঁড়তে শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ করে পুলিশ। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ। ফলে কিছুটা হলেও ছত্রভঙ্গ হয়ে পড়ে বিজেপি কর্মীরা। এ সময়ে মল্লিকফটকের কাছে বিজেপির এক কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এদিন হেস্টিংস মোড়েও বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। বিজেপির মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা ইটবৃষ্টি শুরু করে আন্দোলনকারীরা। হেস্টিংসে কয়েকজন বিজেপি কর্মী আহত হন।

No comments:
Post a Comment