চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসককে মারধর করল রোগীর আত্মীয়রা - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, September 14, 2019

চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসককে মারধর করল রোগীর আত্মীয়রা

নিজস্ব প্রতিনিধি, উত্তরদিনাজপুর, ১৪সেপ্টেম্বরঃ-ফের রোগীর পরিবারের হাতে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটল। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল রোগীর পরিবারের লোকজনের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে। আহত চিকিৎসক নূর আলম আনসারি চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ৷ এই ঘটনায় পুলিশ ওই রোগীর পরিবারের দুজনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর মহকুমা হাসপাতালে বেলা ১১ টার সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ নূর আলম আনসারি রাউন্ডে আসেন। লিলি খাতুন নামে এক রোগীকে দেখার পর তার পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলতে শুরু করেন তিনি। আচমকাই ওই রোগীনীর স্বামী জাহাঙ্গীর ও তার সঙ্গী সাথীরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসককে গালিগালাজ ও মারধর করে। ভাঙচুর করা হয় ওই ওয়ার্ডেও। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। নিগৃহীত চিকিৎসক নূর আলম আনসারি বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন। চিকিৎসককে নিগ্রহ করার প্রতিবাদে সরব হন ইসলামপুর মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।চিকিৎসক নিগ্রহের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। আহত চিকিৎসক নূর আলম আনসারি চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। দোষীদের শাস্তির দাবি জানিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে মিছিল করেন চিকিৎসকরা। মিছিল শেষ হয় এসডিপিও অফিসে। সেখানে তারা এসডিপিও কে একটি স্মারকলিপি জমা দেন।

No comments:

Post a Comment

Post Top Ad