নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৭ মার্চ:-পণ যোগাড় করতে অপারগ পরিবার। অথবা পাত্রপক্ষের সামনে বসেও ‘অপছন্দ’ হয়ে থেকে যাওয়া। এমন তরুণীদের নিশানা করত মোহন কুমার। প্রেমের ফাঁদে ভুলিয়ে মুগ্ধ করতেন তাদের।তারপর একদিন ‘হবু স্ত্রী’র হাতে তুলে দিতেন গর্ভনিরোধক ওষুধের রূপে পটাসিয়াম সায়ানাইড। ২০ জন তরুণীকে খুনের দায়ে অভিযুক্ত মোহন কুমারের আর এক নাম ‘সায়ানাইড মোহন’।২০০৩ থেকে ২০০৯, এই ছ’বছরে ভারতের দক্ষিণ কর্নাটকের পাঁচ জেলার ছয় শহরে অস্বাভাবিক মৃত্যু হয় ২০ জন তরুণীর। সবার বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। প্রত্যেকটা দেহ পাওয়া গিয়েছিল বাসস্ট্যান্ড লাগোয়া শৌচাগারে। দেহগুলি উদ্ধার করতে হত দরজা ভেঙে। কারণ শৌচাগারের দরজা ভিতর থেকে বন্ধ থাকত।
আরও একটি বিষয়ে মিল খুঁজে পায় পুলিশ। তা হল, নিহতদের সবার গায়ে ছিল বিয়ের সাজ। কিন্তু কারও গায়ে ছিল না কোনো গয়না। আটটি দেহ পাওয়া গিয়েছিল মহীশূরের লস্কর মোহাল্লা বাসস্ট্যান্ডে। পাঁচটি দেহ উদ্ধার হয়েছিল বেঙ্গালুরুর ব্যস্ত কেম্পেগৌড়া বাসস্ট্যান্ডের শৌচাগার থেকে।এত সূত্র থাকা সত্ত্বেও দীর্ঘ দিন ধরে এই মৃত্যুগুলিকে একসঙ্গে গাঁথার চেষ্টা করেনি দশটি থানার পুলিশ। কোনো এক অজ্ঞাত কারণে তাদের চোখে এগুলি ছিল ‘অস্বাভাবিক মৃত্যু’ এবং ‘আত্মহত্যা’। প্রতিটি ক্ষেত্রেই ফরেনসিক টেস্ট বলে, মৃত্যু হয়েছে সায়ানাইডের বিষক্রিয়ায়। তার পরেও মাত্র দু’জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এক বারও তদন্তকারীদের মনে প্রশ্ন জাগেনি, এই রাসায়নিক সহসা ব্যবহৃত হয় না আত্মহত্যার ক্ষেত্রে।টনক নড়ল সম্পূর্ণ অন্য কারণে। উনিশতম রহস্যমৃত্যুর সময় দেখা গিল গোষ্ঠীদ্বন্দ্ব। বছর বাইশের তরুণী জনৈক অনিতার পরিবার থেকে পুলিশে অভিযোগ করা হয়, ভিন্ন সম্প্রদায়ের এক যুবকের সঙ্গে তিনি পালিয়ে গিয়েছেন। তাকে খুঁজে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে স্থানীয় থানার সামনে বিক্ষোভে সামিল হয় অন্তত দেড়শো জন। হুমকি দেওয়া হয়, তরুণীর সন্ধান পাওয়া না গেলে জ্বালিয়ে দেওয়া হবে থানা!
চাপের মুখে নড়েচড়ে বসে বন্তওয়াল থানা। বিক্ষোভকারীদের কাছ থেকে সময় চেয়ে নিল এক মাস। প্রথমে অনিতার বাড়ির ল্যান্ডলাইনের কললিস্ট পরীক্ষা করা হল। দেখা গেল, গভীর রাতে তিনি একটি বিশেষ নাম্বারে ফোন করে দীর্ঘ ক্ষণ কথা বলতেন। সেই নম্বর ছিল এক তরুণীর। দেখা গেল তিনিও নিখোঁজ। এভাবে নিখোঁজ তরুণীদের ফোনের সূত্র ধরে সন্ধান পাওয়া গেল কিছু নম্বরের। যেগুলি প্রতিটা কোনো না কোনও তরুণীর নামে। কিন্তু তারা সবাই দীর্ঘ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ।আরও একটি যোগসূত্র প্রকাশিত হল। তা হল, প্রতিটা নম্বর কোনো না কোনো সময় সক্রিয় ছিল মেঙ্গালুরুর ডেরালাকাট্টে গ্রামে। সেই নম্বরগুলি ধরে আরও অনুসন্ধান চালিয়ে খোঁজ পাওয়া গেল ধনুষ নামে এক কিশোরের। তার কাছে একটি ফোন পাওয়া গেল, যা কোনো এক সময়ে ছিল কাবেরী নামে এক তরুণীর। কিন্তু এখন তিনি নিখোঁজ।
ধনুষ পুলিশকে জানাল তাকে ফোনটা দিয়েছে তার কাকা মোহন কুমার। এ বার তদন্তকারীরা নিশ্চিত হলেন খুনি হয় নারীপাচারকারী, নয়তো সিরিয়াল কিলার। প্রতি বার খুনের পরে নিহত তরুণীর ফোন ব্যবহার করে কথা বলেছে পরের ‘শিকার’-এর সঙ্গে। তদন্ত শুরু হতে অবশেষে পুলিশের পাতা ফাঁদে পা দিল মোহনকুমার। তাকে জেরা করে পুলিশ যা জানল, তা শিউরে ওঠার মতোই।পুলিশের দাবি, জেরায় মোহন কুমার জানিয়েছে, তার শিকারের সংখ্যা ৩২! যদিও বারোটি মামলায় তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি। পুলিশকে সে জানিয়েছিল, প্রথমে প্রেমের অভিনয় আর বিয়ের প্রতিশ্রুতিতে সে তরুণীদের মন জয় করত। তার ডাকে সাড়া দিয়ে নতুন সংসার করার আশায় বাড়ি থেকে পালাতেন তরুণীরা। তাদের সঙ্গে থাকত গয়না।

No comments:
Post a Comment