গান নিয়ে ব্যাস্ত সংগীতশিল্পী ফাহমিদা নবী - ব্রেকিং বাংলা

Breaking

Friday, September 13, 2019

গান নিয়ে ব্যাস্ত সংগীতশিল্পী ফাহমিদা নবী

নতুন গানের বাইরে বর্তমানে দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে ব্যস্ত গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবী। সব মিলিয়ে কেমন আছেন জানতে চাইলে এ শিল্পী বলেন, বেশ ভালো। ভালো থাকার চেষ্টা করি সব সময়। বর্তমান ব্যস্ততা কি নিয়ে? ফাহমিদা নবী বলেন, ব্যস্ততা তো অবশ্যই গান নিয়ে। স্টেজ শো ও বিভিন্ন টিভি চ্যানেলের শুটিং নিয়ে ব্যস্ত থাকছি। তাছাড়া নতুন গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত থাকতে হয়। এই আর কি। নতুন গানের কাজ সম্পর্কে বলুন। কি কাজ করছেন? ফাহমিদা নবী বলেন, নতুন গানের কাজ আসলে মোটামুটি সব সময় চলতে থাকে। সম্প্রতি ‘সমান্তরাল দুটি রেখা এক তো হবার নয়’- এমন কথার একটি নতুন গানের কাজ করেছি। এর ভিডিওর শুটিংও শেষ মোটামুটি। এর বাইরে আরো কয়েকটি নতুন গানের কাজও চলছে। এগুলো সামনে নির্দিষ্ট সময় পর পর প্রকাশ হবে। বর্তমানে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? ফাহমিদা নবী বলেন, খুব অস্থির অবস্থা চলছে। কোম্পানির বাইরেও যে কেউ ইউটিউবে গান প্রকাশ করতে পারছে। এটা ইতিবাচক হিসেবে নেয়া উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে এখন যে কেউ গায়ক কিংবা গায়িকা বনে যাচ্ছে। এটা ভয়ঙ্কর একটি ব্যাপার। যার যাতে জ্ঞান নেই সে তা-ই হতে চাইছে। এমনটা শুধু সংগীত নয়, সব ক্ষেত্রেই হচ্ছে। যার যেটা হওয়ার যোগ্যতা নেই তার সেটা হওয়ার চেষ্টা করাও উচিত নয়। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির কথা যদি বলি দেখা যাচ্ছে সবাই গায়ক কিংবা গায়িকা হতে ব্যস্ত। গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের ক্ষেত্রেও তেমনই অবস্থা। এ কারণে গানের মান আর থাকছে না। এখন মানহীনের ভিড়ে ভালো গান হারিয়ে যাচ্ছে। কারণ মানহীন গানের সংখ্যা বেশি, প্রচারণা বেশি। এখান থেকে উত্তরণের পথ কি? ফাহমিদা নবী বলেন, নিজের মধ্যে সচেতনতা তৈরি কাতে হবে। শ্রোতাদের সচেতন হতে হবে। যারা গানের সঙ্গে সংশ্লিষ্ট তাদের সচেতন হতে হবে। তবে যদি উপলব্ধি বিষয়টা নিজের মধ্যে না থাকে তাহলে তো হবে না। কেউ যদি বুঝতে না চায়, তাকে জোর করে বোঝানো যায় না। তাই উপলব্ধিটাই সব থেকে বড় বিষয়। এ প্রজন্মের গান কি শোনা হয়? তারা কেমন করছে বলে মনে করেন? ফাহমিদা নবী বলেন, অবশ্যই শোনা হয়। অনেক অস্থিরতার মধ্যেও যে মেধাবী শিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আমাদের নেই, তা বলবো না। অনেকেই ভালো করছে। অনেকের গান আমার ব্যক্তিগতভাবে পছন্দ। আমি বিশ্বাস করি তারা সঠিক জায়গায় থাকলে অনেক দূর পর্যন্ত যাবে। তবে রাতারাতি তারকা হওয়ার প্রবণতাটা এখন বেশি। এখান থেকে বের হয়ে আসতে হবে। কাজ যদি মানসম্পন্ন হয় তবে সেটাই একদিন তাকে তারকায় পরিণত করবে। তারকা হওয়ার চেষ্টার দরকার নেই। ফাহমিদা নবী আরো বলেন, একটা কথা আছে, যারা দ্রুত উপরে ওঠে তারা দ্রুতই পড়ে যায়। এ কথার সঙ্গে আমি একমত। তাই তরুণ প্রজন্মকে বলবো ভালো কথা-সুরের প্রতি মনোযোগী হতে। শেখার কোনো শেষ নেই। প্রতিনিয়ত শেখার চেষ্টা করতে হবে। আমি নিজেও ছোট-বড় সবার কাছ থেকে শেখার চেষ্টা করি। সংগীত শিক্ষার আসলে শেষ নেই। তাই সব সময় শিখে যাওয়ার চেষ্টা করতে হবে। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মানুষ হিসেবে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। সেটাই একজন শিল্পীকে বড় করে, বাঁচিয়ে রাখে।
* সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad